Image description

জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বন্দোবস্ত চাইলেও নির্বাচিত বিএনপি সরকার তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপি ও আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বিএনপি সরকারেরও আইনি ভিত্তি নেই। কারণ নির্বাচন হয়েছে দুটি। সে অনুযায়ী আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে অবৈধ সরকার বলব।

আজ রবিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে ‘রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, এটা দেশের মানুষের কাছে স্পষ্ট। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য, যিনি সরকারের রাজনৈতিক উপদেষ্টা, তিনিও বলেছেন, ‘আমাদের ভাইয়েরা আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে মামলা থেকে বের করে দিচ্ছে।’ শামীম ওসমান নিজেই বলেছেন, তারা বিএনপিকে ভোট দিয়েছেন। সুতরাং বিএনপি যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে— তা সূর্যের মতো পরিষ্কার।’

 

নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার হয়েও বিএনপি সরকার নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করছে না। শেখ হাসিনা যে বন্দোবস্তে ছিলেন, তারেক রহমানও একই বন্দোবস্তে রয়েছেন। তাহলে তাদের মধ্যে পার্থক্য কোথায়? আমরা বলব, শুধু সমঝোতা নয়, তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। শেখ হাসিনা ও তারেক রহমানের মধ্যে কোনো পার্থক্য নেই।’

ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘বিএনপি তাদের কোনো প্রতিশ্রুতি রাখেনি। গণভোটে ‘হ্যাঁ’ বললেও নির্বাচনের পর বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি নেই। জুলাই সনদের যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে বিএনপি সরকারেরও কোনো আইনি ভিত্তি নেই। কারণ নির্বাচন হয়েছে দুটি। সে অনুযায়ী আমরা তারেক রহমানের সরকারকে অবৈধ সরকার বলব।’

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা ছিলেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এমপি। সম্মেলন সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল।