Image description
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগরের আমীর ও নায়েবে আমীরের পদ বাতিল করা হয়েছে।
 
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্বাবধায়ক আবদুল হালিম।
 
তারা হলেন- জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমীর এমদাদুল হক মামুন।
 
আবদুল হালিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক আমীর ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগরীর সাবেক নায়েবে আমীর ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউসে কুমিল্লা মহানগরী কার্যালয়ে সভা চলাকালীন সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
 
২৬ অক্টোবর জামায়াত আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে। তবে তা আজ প্রকাশ্যে এসেছে।
 
 
এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।