Image description

প্রকাশ্যে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মানচিত্রদেখুন

 

 

বিজ্ঞাপন

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, কোনো সংবাদমাধ্যমের সংবাদ, মতামত কিংবা সম্পাদকীয় অবস্থানের সঙ্গে দ্বিমত থাকতেই পারে। কোনো সংবাদকে মিথ্যা বা বিভ্রান্তিকর মনে হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে প্রতিবাদের ভাষা ও ধরন সবার ক্ষেত্রে এক হতে পারে না। একজন সাধারণ নাগরিক, রাজনৈতিক দলের নেতা-কর্মী কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির প্রতিবাদের ক্ষেত্রে দায়িত্ববোধ ও আচরণে পার্থক্য থাকা জরুরি।

 

 

তিনি বলেন, রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সচিব পদমর্যাদার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। একজন দায়িত্বশীল সরকারি পদে থাকা ব্যক্তির কাছ থেকে এই পার্থক্য বোঝার সক্ষমতা ও সংযম প্রত্যাশিত। সংবাদমাধ্যমের কোনো বক্তব্যে ক্ষুব্ধ হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ জানানো, সংবাদ সম্মেলন করা কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলা দায়িত্বশীল প্রতিবাদের কোনো দৃষ্টান্ত হতে পারে না।

 

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, সেখানে একজন সরকারি পদাধিকারীর এমন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি অতীতের ফ্যাসিবাদী শাসনামলের দমনমূলক রাজনৈতিক সংস্কৃতিকেই স্মরণ করিয়ে দেয়।

 

রাশেদ খাঁন নিজেও একসময় কর্তৃত্ববাদবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পরিচিতি অর্জন করেছেন। তাই দায়িত্বশীল অবস্থানে আসার পর ভিন্নমতের প্রতি আরো বেশি সহনশীলতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল আচরণ তার কাছ থেকে প্রত্যাশিত ছিল।

 

তিনি আরো বলেন, একজন সরকারি পদাধিকারী প্রকাশ্যে গণমাধ্যমের প্রতি এমন আচরণ করলে সরকার তা উপেক্ষা করতে পারে না। আমরা মনে করি, এ ঘটনার যথাযথ মূল্যায়ন করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সরকারের অবস্থান নিয়ে নেতিবাচক বার্তা যাবে।