Image description

গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ইয়াবা তৈরির একটি গোপন ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ল্যাবটির মালিক নজরুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সেখানে ইয়াবা তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি মজুত করা হয়েছিল।

গ্রেপ্তার নজরুল ইসলাম বাপ্পী টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।

শুক্রবার ও শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পাগাড়ের আলেরটেক এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় বাসাটির ভেতরে ইয়াবা তৈরির উদ্দেশ্যে স্থাপন করা একটি পৃথক ল্যাবের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, নজরুল ইসলাম বাপ্পী অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ ও পড়াশোনার মাধ্যমে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করছিলেন। প্রায় ছয় মাস ধরে ল্যাবটিতে কাজ চললেও এখনো পুরোদমে উৎপাদন শুরু হয়নি বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় পরিসরে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ল্যাবটিতে কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ইয়াবার উৎপাদন ও সরবরাহ রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।