Image description
 
 

ভারতে দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি নারী। শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শূন্যরেখায় তাদের হস্তান্তর করে।

মানচিত্রদেখুন

 

ফিরে আসা নারীরা হলেনÑ সুমি খাতুন, সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার ও শিরিনা খাতুন। তাদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলায়।

বিজ্ঞাপন
 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, প্রায় পাঁচ বছর আগে ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে এসব নারী বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরে পুনের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা শেষে পুনের কেন্দ্রীয় কারাগারে তাদের রাখা হয়েছিল।

পরবর্তীতে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। দুই দেশের দূতাবাসের সহযোগিতা ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

 


বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করার পর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে তাদের রাখা হবে জানিয়ে সংস্থাটির যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন বলেন, সেখানে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।