বরখাস্ত হওয়ার দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেয়ে কার্যালয়ে পুনর্বহাল হতে যাচ্ছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দুদক কার্যালয়ে গিয়ে যোগদান করবেন বলে জানা গেছে।
আদালতের রায় এবং প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে তার বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় তিনি পুনরায় কর্মস্থলে ফেরার সুযোগ পাচ্ছেন।
শরীফ উদ্দিন চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্ব পালনকালীন বেশ কিছু চাঞ্চল্যকর দুর্নীতি ও অনিয়মের তথ্য উন্মোচন করে দেশজুড়ে আলোচনায় আসেন।
বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান ও পাসপোর্ট তৈরিতে জড়িত শক্তিশালী চক্রের বিরুদ্ধে অনুসন্ধান, চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা এবং বেশ কয়েকটি বড় ধরনের দুর্নীতির তদন্তে তার সাহসী পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়ায়।
এরপর ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক বিধিমালা ৫৪(২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এই অপসারণের পর সাধারণ নাগরিক ও সুশীল সমাজের পক্ষ থেকে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ জানানো হয়।
শরীফ উদ্দিন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি লড়াই চালিয়ে যান।
দীর্ঘ আইনি লড়াই ও পর্যালোচনা শেষে উচ্চ আদালতের নির্দেশনা এবং কমিশনের সিদ্ধান্তের আলোকে তার অপসারণ আদেশ প্রত্যাহার এবং চাকরি ফিরিয়ে দেওয়া হয়।
রোববার সকালে দুদক কার্যালয়ে যোগদান শেষে তিনি তার নির্ধারিত প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন।
শীর্ষনিউজ