Image description

জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনা আড়াল করার অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানবিষয়ক জাতিসংঘের মানবাধিকারব্যবস্থা আগ্রাসন, নৃশংসতা ও একতরফা নিষেধাজ্ঞার বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাই সাতোর দায়িত্ব পালনের বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেন।

তার দাবি, যুক্তরাজ্য এই দায়িত্ব জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওপর চাপিয়ে দিয়েছে।

বাঘাই আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অপরাধের জন্য তেহরানকে দায়ী করতে জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদকের ভূমিকা ব্যবহার করা হচ্ছে। এটি অত্যন্ত বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

জাতিসংঘের সাধারণ পরিষদে মাই সাতোর একটি প্রতিবেদন উপস্থাপনের পর ইরানের পক্ষ থেকে এসব মন্তব্য করা হলো। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান ইরানিদের দুর্ভোগ আরো বাড়িয়েছে। তবে একই সঙ্গে আঞ্চলিক সংঘাতকে কাজে লাগিয়ে ভিন্নমত দমনে অভিযান জোরদার করেছে তেহরান সরকার।

প্রতিবেদনে বলা হয়, এ সময় ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ধরপাকড় ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপে ইরানের মানুষের দুর্ভোগ বাড়লেও দেশটির কর্তৃপক্ষ সেই সংঘাতকে অভ্যন্তরীণ বিরোধীদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।