Image description
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট আজ। ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে জয়ের মাধ্যমে মর্যাদা রক্ষার চেষ্টা করছে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীরা। অন্যদিকে জয় পেতে মরিয়া হয়ে কাজ করছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরাও। প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচ প্রার্থী। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ভোটের আগের রাতে সংবাদ সম্মেলন করে পালটাপালটি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। স্থানীয়দের মতে, এ নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। কেন্দ্রে ভোটার উপস্থিতির হারের ওপর নির্ভর করবে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা। পাশাপাশি এ নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য বড় পরীক্ষা। তাদের মতে, এ আসনে কমবেশি এক লাখ ৩৫ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছেন, যা মোট ভোটারের ২৬ শতাংশ। মূলত তাদের ভোট যেদিকে যাবে, তার জয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি। এ কারণে সংখ্যালঘু ভোটার টানার চেষ্টা করছে দুপক্ষই।

সরেজমিন ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। ভোটারদের মধ্যে আগ্রহও রয়েছে। এছাড়া বুধবার গভীর রাত পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতাও দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম যুগান্তরকে জানান, সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনও নিজস্ব পর্যবেক্ষক দিয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছে। কেন্দ্রীয়ভাবে ইসিতে আইনশৃঙ্খলা মনিটরিং সেল খোলা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীকে হারিয়ে জয় পান। তিনি পান দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট এবং জামায়াতের মো. দেলাওয়ার হোসেন পান এক লাখ ৪১ হাজার ১৭ ভোট।

গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচনি এলাকায় তিন হাজারের কাছাকাছি পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩। আগের নির্বাচনের সময় তা ছিল ৫ লাখ ৭ হাজার ২০৩। এই হিসাবে ভোটার বেড়েছে ৮ হাজার ৬৫০ জন।

পালটাপালটি অভিযোগ : ভোটগ্রহণের আগের দিন বুধবার পালটাপালটি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। বুধবার ঠাকুরগাঁওয়ের স্থানীয় একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, টাকা বিতরণ ও বিভিন্ন সরকারি সুবিধার কার্ড দেওয়ার আশ্বাসের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিএনপি। তার অভিযোগ, বিএনপি টাকা দিয়ে ভোট কিনছে। ভোটার স্লিপ বিতরণের সময় তারা ভোটারদের ৫০০ থেকে ১ হাজার টাকা করে দিচ্ছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিচারিক তদন্ত কমিটির কাছে অভিযোগ করলেও কাজ হয়নি। প্রশাসনের কাছে নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের দাবি, উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে জামায়াত পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ অপপ্রচার ও উসকানির মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বুধবার রাত সোয়া ৯টায় নগরীর চৌরাস্তা মোড়ে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এ ভোট সরকার ও ইসির জন্য পরীক্ষা : এ নির্বাচনকে সরকার ও ইসির জন্য পরীক্ষা হিসাবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, এই নির্বাচন সরকারের জন্য লিটমাস টেস্ট হতে যাচ্ছে। তার মতে, এ নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে বর্তমান সরকারের অধীনে আগামী স্থানীয় সরকার নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।