Image description

মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ডিজিটাল পোর্টাল ‘আলাপ’-এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। হুমকির ঘটনায় মর্গের সাবেক সহকারী নূরে আলম শান্তের নাম উল্লেখ করেছেন দিপু।

বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি জিডি করেন। তার অভিযোগ, এ ঘটনার পেছনে একটি সিন্ডিকেট জড়িত থাকতে পারে।

জিডিতে বলা হয়েছে, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহের পর তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।

গত ১৮ অক্টোবর ‘আলাপ’-এর ওয়েবসাইটে ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। পরে সংবাদমাধ্যমটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতেও প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ তুলে ধরা হয়। এ বিষয়ে বক্তব্য নেওয়া হয় হাসপাতালের মর্গের সাবেক ইনচার্জ যতন লাল এবং সেখান থেকে অব্যাহতি পাওয়া মর্গ সহকারী নূরে আলম শান্তের।

দিপু সিকদারের করা জিডি অনুযায়ী, প্রতিবেদন প্রকাশের পর নূরে আলম শান্ত ফোন করে তাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। এ ছাড়া শান্ত ‘কোর্টে দেখা হবে’ লিখে তাকে একটি বার্তাও পাঠান বলে অভিযোগ করেছেন দিপু।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বিবৃতিতে ক্র্যাব বলেছে, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

দিপু সিকদারের অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করেছে ক্র্যাব। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলে জানিয়েছে সংগঠনটি।