খুলনা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে হামলা চালিয়ে চেয়ার ও গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রেস্টুরেন্টে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এদিক-সেদিক তারা ছোটাছুটি শুরু করেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসের ঘটনা এটি।
রেস্টুরেন্টের কর্মচারীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে চার যুবক সেখানে প্রবেশ করে মালিককে খুঁজতে থাকে। তবে ওই সময় মালিক রেস্টুরেন্টে ছিলেন না।
একপর্যায়ে যুবকরা বলেন, ‘ভাইয়ের ফোন ধরিস না কেন? তোরা কোথাকার হনু হইছিস, ফোন ধরিস না কেন?’ এরপর চেয়ার দিয়ে কাচ ভাঙচুর করে। তারা এলোপাতাড়ি লোহার চেয়ার ছুড়ে ফেলে ভীতিকর পরিস্থিতি তৈরি করে চলে যায়।
হামলাকারীরা কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, সে বিষয়ে রেস্টুরেন্টের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া খুলনার সন্ত্রাসী নুর আজিমের ঘনিষ্ঠ সহযোগী ফাকাব্বির রেস্টুরেন্টের ম্যানেজারকে ফোন করেছিলেন। কাজের চাপে ম্যানেজার ফোন ধরতে পারেননি। এ ঘটনাকে কেন্দ্র করে ফাকাব্বিরের সহযোগীরা হামলার পরিকল্পনা করে বলে জানা গেছে। এদিন বিকেলে সুযোগ বুঝে তারা রেস্টুরেন্টে হামলা চালায়। এতে তিনটি চেয়ার ও পানির একটি গ্লাস ভেঙে যায়। এ সময় সেখানে থাকা সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন রিপন বলেন, ‘তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।’