Image description

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও এমআরএ’র সভাপতি ফখরুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে দারুস সালাম থানা পুলিশের বিরুদ্ধে। এ সময় পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার রাতে মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, অফিস শেষে গন্তব্যে যাওয়ার পথে ডেল্টা মেডিকেল কলেজের সামনে ফুটপাত উচ্ছেদ অভিযান দেখতে পান তিনি। এ সময় মোটরসাইকেল থেকে নেমে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন পুলিশের এক সদস্য তার পরিচয় জানতে চান। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরই তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ফখরুলের ভাষ্য, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে জানানো হলেও তিনি মোবাইল ফোনটি ফেরত দেননি। উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেছেন কেন এবং তিনি সাংবাদিকতা জানেন কি না।

ফখরুল ইসলাম বলেন, তিনি কোনো অন্যায় করেননি উল্লেখ করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশের গাড়ির চালক এসে তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি। পরে নিরাপত্তার স্বার্থে মোবাইল ফোন ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন।