Image description
বাগেরহাটে মোঃ আল আমিন ইসলাম (৩০) নামের বাংলালিংক কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও সিমকার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বিক্রয় প্রতিনিধিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঠালতলা ফুটবল মাঠের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
 
আহত মোঃ আল আমিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোলদার শেখের ছেলে। তিনি বাংলালিংক ডিষ্ট্রিবিউশনের খুচরা বিক্রয় কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেন।
 
বাংলালিংকের আরেক বিক্রয়কর্মী শরিফুল ইসলাম বলেন, আল আমিন সিএন্ডবি বাজার এলাকায় মার্কেট শেষ করে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য শহরে ফিরছিলেন। পথিমধ্যে কাঠালতলা নামকস্থানে একটি সবুজ রঙের এফজেড মোটরসাইকেলে থাকা তিনজন ব্যক্তি তার গতিরোধ করে। তাকে চাইনিজ কুড়াল দিয়ে ডান ঘাড়ের ওপর কোপ দেয়। সে পড়ে গেলে তার কাছে থাকা নগদ টাকা, সিম ও সিমকার্ড নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে হাসপাতালে ভর্তি করি।
 
বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউজের ব্যবস্থাপক আল মুনিম বলেন, ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে টাকা, সিম ও সিমকার্ডসহ ব্যাগ নিয়ে যায়। রিচার্জ বিক্রির টাকা ছিল তার কাছে। তবে কত টাকা ছিল এই মুহূর্তে বলা যাচ্ছে না।
 
 
তিনি আরও বলেন, বাগেরহাটে বিক্রয়কর্মীদের কাছ থেকে এটাই প্রথম ছিনতাই না। গেল দেড় মাসে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। বিকাশ কর্মী, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানরে কর্মীরা ছিনতাইয়ের কবলে পড়েছে।
 
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালনের দাবি জানান তিনি।
 
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ সোহেলুর রহমান বলেন, তার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত রয়েছে।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারী শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউজের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
এর আগে, গেল ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে এক বিকাশকর্মীর কাছ থেকে ২ লক্ষাধিক টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এছাড়াও গেল দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।