Image description

রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ সাহিত্য সম্পাদক ফাল্গুনী দাস তন্বী ও ছাত্রলীগ কর্মী সোহানের পাঁচ দিনের মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আদালতে আসামিদের উপস্থিতিতে শুরু হয় রিমান্ড শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে শরীফুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ অক্টোবর তন্বীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ও গত ২৪ অক্টোবর রাতে মিরপুর এলাকা থেকে সোহানকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ অক্টোবর তন্বীর এবং ২৫ অক্টোবর সোহানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

 

মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গত ১১ সেপ্টেম্বর গুলশানে সমবেত হয়েছিলেন। তারা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন।

মিছিলকারীরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে দাবি করা হয় মামলার এজহারে। এতে বলা হয়, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশকে লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়েছিল। পুলিশ পাঁচটি ককটেল জব্দও করে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০/১০০ জনকে আসামি করা হয়।