Image description

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামিকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁদের রিমান্ড আবেদনের শুনানি চলাকালে বিচারক জানতে চান, এত প্রবেশপত্র কেন, এগুলো দিয়ে তিনি কী করতে চেয়েছিলেন? জবাবে এক আসামি বলেন, তাঁর শালা–সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিলেন।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি চলাকালে বিচারক ও আসামির মধ্যে এই কথোপকথন হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. মফিজুল ইসলাম (২৭), মো. রুবেল ইসলাম (৩৩), মো. হাসিনুর রহমান ওরফে সুজন (৩২), আসাদুল ইসলাম (৩১), এস এম এমদাদুল রহমান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৮) ও নূর মোহাম্মদ (৩০)। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক, আর মো. জাহাঙ্গীর (৩৮) ও এস এম ইমদাদুল ইসলাম (৩৫) কম্পিউটার অপারেটর, আসাদুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক, রুবেল পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর এবং মফিজুল ও হাসিনুর প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য।

১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার কিছু সময় আগে ফেসবুকে প্রশ্নপত্র ও উত্তর ছড়িয়ে পড়ে। ওই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নের মিল পাওয়া যাওয়ায় কিছুক্ষণ আগে পরীক্ষা স্থগিত করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসে যুক্ত থাকার অভিযোগে এই সাতজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের তদন্তে বেরিয়ে আসে, ১০ লাখ টাকায় প্রশ্ন ও উত্তর পাইয়ে দেওয়ার বিনিময়ে পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করেছিলেন এই চক্রের সদস্যরা। তাঁদের কাছ থেকে ১০০ টাকার ১১৬টি স্ট্যাম্প, চাকরিপ্রার্থীদের ১০টি সনদ, ৪০ জনের ব্যাংক চেকের পাতা ও ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

আজ দুপুরে সাত আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম। রিমান্ড আবেদনে তিনি বলেন, আসামিরা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য। তাঁরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে নগদ টাকা ও চেকের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ নিয়ে পরীক্ষার আগে প্রশ্ন সরবরাহ এবং প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে দেওয়ার চুক্তি করতেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, এই চক্রের সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের আরও অনেকে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। আসামিরা বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আসামিদের কাছ থেকে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্ত চলাকালে আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এবং তাঁদের স্থায়ীভাবে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত চলাকালে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিতে আসামিদের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে তদন্ত কর্মকর্তা বলেন, এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছে। তারা একটি সংঘবদ্ধ চক্র। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র), ব্যাংকের চেক, প্রশ্ন লেনদেনের তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ড প্রয়োজন।

এ সময় আসামি এস এম এমদাদুল রহমানের পক্ষে শুনানি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম। আদালতকে তিনি বলেন, এই আসামি এজাহারভুক্ত না। তাঁর কাছ থেকে কোনো আলামত পাওয়া যায়নি। তিনি নির্দোষ। তাঁকে হয়রানি করার জন্য এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আসামিপক্ষের এই আইনজীবী বলেন, তাঁর মক্কেলের দায় কী? কী আলামত পাওয়া গেছে তাঁর কাছে কিছুই মামলায় উল্লেখ নেই। রিমান্ড আবেদনেও তাঁর ব্যাপারে বিশেষ কিছু লেখা হয়নি। একপর্যায়ে তদন্ত কর্মকর্তার দিকে তাকিয়ে উচ্চস্বরে এই আইনজীবী বলেন, শুধু রিমান্ড আবেদন করলেই রিমান্ড হয়ে যায় না। আদালত এগুলো বুঝে ভালোমতো। মনে করেছে রিমান্ড আবেদন করলেই হয়ে যায়।

এ সময় আসামি এমদাদুল রহমান কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘ঠিক ঠিক’। তখন পাশ থেকে আসামি আসাদুল তাঁকে চুপ থাকতে বলেন। তখন এমদাদুল হেসে দেন। এ সময় পাশে বসে থাকা কয়েকজন আইনজীবী তাঁর দিকে তাকালে তিনি পেছনে ঘুরে মুখ লুকান।

এ পর্যায়ে তদন্ত কর্মকর্তার উদ্দেশে আইনজীবী খোরশেদ আলম উচ্চস্বরে বলেন, ‘যা না তা আবেদন করেন আপনারা। আপনাদের কোনো কাজই হয় না। রিমান্ডে নেওয়ার মতো কী পাইছেন এই আসামি সম্পর্কে বলেন? কিছু পাইছেন আপনি? কেন রিমান্ড আবেদন করলেন এই আসামির? গ্রেপ্তার করার মতো কী পাওয়া গেছে?’ এভাবে জেরা করতে থাকেন সিআইডির তদন্ত কর্মকর্তাকে। এ সময় তদন্ত কর্মকর্তা বিচারকের দিকে দুইবার তাকান ইতস্ততভাবে।

তখন বিচারক এই আইনজীবীকে বলেন, ‘আপনি মেরিটে কথা বলেন। আপনি শুনানির প্রসঙ্গ নিয়ে কথা বলবেন। অন্য প্রসঙ্গে কথা বলবেন না।’ তখন আসামিপক্ষের এই আইনজীবী বলেন, ‘জি, মাননীয় আদালত আমি মেরিটেই কথা বলছি।’ এ সময় বিচারক তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন যে এই আসামির কাছ থেকে কোনো আলামত পাওয়া গেছে কি না। তখন তদন্ত কর্মকর্তা বলেন, ‘জি, বেশ কিছু আলামত পাওয়া গেছে। তিনি এই চক্রের গুরুত্বপূর্ণ একজন।’

এ সময় আসামিপক্ষের আইনজীবী খোরশেদ আলম আবারও বলেন, ‘কোনো কিছুই নেই তাকে রিমান্ডে নেওয়ার মতো। আমি জামিনের আবেদন জানাচ্ছি।’

এ পর্যায়ে বিচারক আসামিপক্ষের এই আইনজীবীকে বলেন, ‘আপনার শুনানি শেষ। সব শুনানি শেষে আদেশ হবে।’

এরপর আসামি আসাদুল ইসলামের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী আলমগীর হোসেন। আদালতকে তিনি বলেন, আসাদুল একেবারেই নির্দোষ। এ ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর সম্পর্কে রিমান্ড আবেদনেও কিছু নেই। এ সময় বিচারক তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন, তাঁর বিষয়ে কিছু পাওয়া গেছে কি না। তদন্ত কর্মকর্তা বলেন, ‘জি, পাওয়া গেছে।’

তখন আদালতে দাখিল করা নথি দেখে বিচারক আসাদুলের উদ্দেশে বলেন, ‘আপনার কাছে ও ফোনে অনেকগুলো স্ট্যাম্প, চেক পাওয়া গেছে। চেকের ৪৫টি পাতা পাওয়া গেছে। এগুলো আপনার কাছে কেন, আপনি এগুলো দিয়ে কী করেন?’ উত্তরে আসাদুল ইসলাম বলেন, ‘আমি চাকরি করি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে।’ বিচারক জিজ্ঞাসা করেন, ‘তাহলে এতগুলো চেক, স্ট্যাম্প কেন আপনার কাছে?’ উত্তরে এই আসামি বলেন, ‘আমার একটা ছোট ব্যবসা আছে।’ বিচারক বলেন, ‘সরকারি চাকরি করে কি আপনি ব্যবসা করতে পারেন, আইনে আছে?’ উত্তরে তিনি বলেন, ‘আমার স্ত্রীর নামে ব্যবসা।’ বিচারক বলেন, ‘আপনি কি সেটা করতে পারেন, আপনার কাছে এতগুলো ডকুমেন্টস, প্রবেশপত্র কেন, কী করতেন এগুলো দিয়ে?’ উত্তরে আসাদুল ইসলাম বলেন, ‘আমার শালা-সম্বন্ধী পরীক্ষার্থী ছিল।’ বিচারক বলেন, ‘কিন্তু আপনার ফোনে কেন? আর এতগুলো! কী করতেন এগুলো?’

এ সময় আরেকজন আইনজীবী আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তখন আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাওসার আহম্মেদ বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে এই কার্যক্রম করে আসছেন। যার প্রমাণ প্রাথমিকভাবে তদন্ত কর্মকর্তা পেয়েছেন। তারা আরও ১১টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা করেছিল। এ সময় আসামিপক্ষের একজন আইনজীবী বলেন, মিথ্যা, এটা মিথ্যা।

এ পর্যায়ে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, তাঁরা সাতজন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কানেক্টেড (যুক্ত)। তাঁদের কার্যক্রম বিস্তৃত।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।