Image description

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে সমালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইয়ের জ্ঞানের পিরামিডে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকবে। তবে কোনো স্তরের সঙ্গেই প্রতীক বা আইকন ব্যবহার করা হবে না।

রবিবার (২৬ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিটিবি জানিয়েছে, বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে চারটি স্তর শুধু লিখিত আকারে উপস্থাপন করা হবে। এর আগে প্রতিটি স্তর বোঝাতে আলাদা প্রতীক ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে দাঁড়িপাল্লার ছবি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সব প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে যেসব বই মাঠপর্যায়ে বা প্রেসে চলে গেছে, সেগুলোর সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে পরিমার্জিত পাতা যুক্ত করা হবে। আগামী বছর বিষয়গুলো আরও ভালোভাবে পরিমার্জন করা হবে বলেও জানিয়েছে এনসিটিবি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে প্রেস মালিকদের সঙ্গে বৈঠকের পর বইয়ের সংশ্লিষ্ট অংশে সংশোধিত পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে সম্মতি হয়।

বইটির ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিডের চারটি স্তর নিচ থেকে ওপরের দিকে সাজানো হয়েছে। আগে উপাত্তের স্তরে বৃত্তাকার প্রতীক বা পাই চার্ট, তথ্যের স্তরে পরমাণু বা নেটওয়ার্কের প্রতীক এবং জ্ঞানের স্তরে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহারের পরিকল্পনা ছিল। প্রজ্ঞার স্তরে রাখা হয়েছিল দাঁড়িপাল্লার ছবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতীকের কোনোটিই আর রাখা হবে না।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার পর ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ছিল। পরবর্তী সময়ে চলতি শিক্ষাবর্ষের বইয়ে মস্তিষ্কের ছবি ব্যবহার করা হলেও ২০২৭ সালের খসড়ায় আবার দাঁড়িপাল্লা যুক্ত করা হয়। এ নিয়ে সমালোচনা তৈরি হলে শেষ পর্যন্ত প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিটিবি।