Image description

মেয়াদ শেষ হতে এখনো দুই থেকে পাঁচ বছর বাকি থাকলেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের অব্যবহূত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন পাওয়া যাচ্ছে নগরের শম্ভুগঞ্জের একটি বর্জ্য সংরক্ষণাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ এ বিষয়টি প্রকাশ হলে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হচ্ছে।

বর্জ্য বাছাইয়ের কাজে যুক্ত শ্রমিকদের দাবি, প্রতিদিনই এসব চিকিত্সাসামগ্রী বর্জ্যের সঙ্গে সেখানে আসে। কিছু হাসপাতালে ফেরত দেওয়া হয়, আর বাকিগুলো পাইকারি দরে বিক্রি করা হয়। তবে হাসপাতালের ভেতর থেকে এসব সামগ্রী কীভাবে বাইরে যাচ্ছে, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের চিকিত্সাসেবার অন্যতম প্রধান ভরসা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল। প্রতিদিন কমপক্ষে এখানে চিকিত্সা নিতে আসেন ২ হাজার থেকে ৩ হাজারেরও বেশি রোগী। প্রয়োজনীয় ওষুধ ও চিকিত্সাসামগ্রী না পাওয়ার অভিযোগের মধ্যে মেয়াদ থাকা সামগ্রী বর্জ্যের সঙ্গে বাইরে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এটি কেবল সরকারি সম্পদের অপচয়ের প্রশ্ন নয়, হাসপাতালের মজুত ব্যবস্থাপনা, তদারকি ও জবাবদিহি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শম্ভুগঞ্জের ওই বর্জ্য সংরক্ষণাগারে কয়েক বস্তা সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ বিভিন্ন চিকিত্সাসামগ্রী পাওয়া গেছে। এসব সামগ্রীর গায়ে থাকা মেয়াদ অনুযায়ী, কিছু ২০২৮ সাল এবং কিছু ২০৩১ সাল পর্যন্ত ব্যবহারযোগ্য। তারপরও কেন সেগুলো বর্জ্যের সঙ্গে হাসপাতালের বাইরে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।

বর্জ্য সংগ্রহ ও বাছাইয়ের কাজে যুক্ত শ্রমিক জুবেদা খাতুনের ভাষ্য, এ কাজে মোট ১১ জন শ্রমিক নিয়োজিত। তাদের মধ্যে চার জন মমেক হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করেন। বাকি সাতজন শম্ভুগঞ্জের সংরক্ষণাগারে সেগুলো বাছাই করেন।

জুবেদা খাতুন বলেন, প্রতিদিন বর্জ্যের সঙ্গে নতুন সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন আসে। এসব সামগ্রী আলাদা বস্তায় রাখা হয়। ১০ থেকে ১২ দিন পর তিন থেকে চার বস্তা জমলে সেগুলো হাসপাতালে ফেরত দেওয়া হয়। অবশিষ্ট সামগ্রী পাইকারি দরে বিক্রি করা হয় বলে দাবি করেন তিনি।

প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য সরানোর মধ্যে ব্যবহারযোগ্য চিকিত্সাসামগ্রী কীভাবে মিশে যাচ্ছে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। হাসপাতালের মজুত থেকে ওয়ার্ডে সরবরাহ, অব্যবহূত সামগ্রী ফেরত নেওয়া এবং বর্জ্য হিসেবে নিষ্পত্তি করার প্রতিটি ধাপে হিসাব রাখার কথা। সেই ব্যবস্থায় কোথাও ঘাটতি থাকলে তা শনাক্ত করা জরুরি। হাসপাতালের চিকিত্সা সামগ্রী বাইরে যাওয়ায় ক্ষুব্ধ নাগরিক নেতারাও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন মমেক হাসপাতাল থেকে ৩৫ থেকে ৪০ ভ্যানগাড়ি বর্জ্য সরানো হয়। এসব বর্জ্য থেকে প্রতি সপ্তাহে তিন থেকে কয়েক বস্তা অব্যবহূত সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ বিভিন্ন চিকিত্সাসামগ্রী পাওয়া যায়।

সচেতন নাগরিকরা বলছেন, ‘সরকারি হাসপাতালের প্রতিটি চিকিত্সাসামগ্রী জনগণের টাকায় কেনা হয়। রোগীরা যখন প্রয়োজনীয় সামগ্রী ও সেবা পেতে ভোগান্তিতে পড়েন, তখন মেয়াদ থাকা সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন বর্জ্যের স্তূপে পাওয়া যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব সামগ্রীর হিসাব জনসমক্ষে পরিষ্কার করা উচিত।’

নগরের ভাটিকাশর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে চিকিত্সা নিতে এসে অনেক রোগীকে বাইরে থেকে বিভিন্ন সামগ্রী কিনতে হয়। এমন পরিস্থিতিতে অব্যবহূত চিকিত্সাসামগ্রী বর্জ্যের সঙ্গে বাইরে চলে যাওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা দরকার। কোনো অনিয়ম থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিতে হবে।’

নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের অব্যবহূত চিকিত্সাসামগ্রী কীভাবে বাইরে যাচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের দায় ও তদারকির বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ঠিকাদার আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি, তবে হাসপাতালের সিনিয়র স্টোর কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, অব্যবহূত সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ চিকিত্সাসামগ্রী হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ছুটি শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে এ বিষয়ে জবাবদিহি চাওয়া হবে। হাসপাতালের বাইরে এসব সামগ্রী যাওয়ার ঘটনা কীভাবে ঘটছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।