Image description

সারা দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হলো।’

অফিস আদেশে জানানো হয়, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে জেলা সদরে অবস্থানরত মাদ্রাসাগুলোর সভাপতি হিসাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের মাদ্রাসাগুলোর সভাপতি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হলো।

ইআবির আওতাভূক্ত মাদ্রাসাগুলোকে অতি দ্রুত অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।