টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসায় একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার (১৮ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। গ্রেপ্তার ইব্রাহিম খান রিয়াদ ওই মাদ্রাসার একজন পরিচালক। গতকাল রাতে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন এক শিক্ষার্থীর মা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্ট্রিমকে এসব তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় অর্ধশত আবাসিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৫-৬ জনকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ ওঠে পরিচালক রিয়াদের বিরুদ্ধে। গত শুক্রবার (১৬ অক্টোবর) ছুটিতে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায় এক ছাত্র। পরে ওই ছাত্রের অভিভাবকেরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।
এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে মাদ্রাসার ভেতর স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে অভিযুক্ত রিয়াদকে মারধর করে উপস্থিত লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু বলেন, মাদ্রাসার এক ছাত্র পরিবারের কাছে বিষয়টি জানানোর পর তারা তিনিসহ কয়েকজনকে বিষয়টি অবগত করেন। শনিবার সন্ধ্যায় মাদ্রাসায় বৈঠকে বসার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ইব্রাহিম খান রিয়াদকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল রাতে এক ছাত্রের মা তার বিরুদ্ধে ‘কয়েকজনকে ধর্ষণ চেষ্টার’ অভিযোগে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।