সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক বৈঠকে হয়। জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াত সূত্রে জানা যায়, বৈঠকটি আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে তারা ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে আগ্রহী।
হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে নোলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন, এতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।