যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরীক্ষা চলাকালে গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন রেশমা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক তাকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
রেশমা আক্তারের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বলে জানা গেছে।