Image description

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানীর পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসানকে ঘিরে প্রচারিত খবরকে মিথ্যা দাবি করে এবার ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা। ছেলের ছবি ও তার বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করে ফেসবুকে কড়া ভাষায় স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ওমর সানী লিখেছেন, ‘আব্বু তোমাকে একটা কথা বলি শয়তান শয়তানের কাজ করেছে। ইউটিউবে যে সব কুত্তা এই মিথ্যা নিউজ করেছে তার বিচার হবে ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

ছেলেকে নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগ তুলে দেওয়া এই স্ট্যাটাসে ওমর সানীর ক্ষোভ স্পষ্ট। এর আগে পরিবারের সদস্যদের নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। এবার ছেলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন এই অভিনেতা।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ওমর সানী। তার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ফারদিনও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ফারদিন লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশটও দেখা যায়। তার অভিযোগ, এসব পেজে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও লিংকও শেয়ার করেন তিনি। তবে পরে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ছেলের ওই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান ওমর সানী। একই সঙ্গে মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানান এই অভিনেতা।

এর আগে মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকার ঘোষণাও দিয়েছিলেন ওমর সানী। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতিতে সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি। নিজের ফেসবুক পোস্টে বিনোদন সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছিলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন
 

তবে সংবাদ সম্মেলনে ঠিক কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারকে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের জেরে ওমর সানী ও ফারদিনের এমন অবস্থান নতুন করে আলোচনায় এনেছে বিষয়টি।