Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কারবারি হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের সময় তার কামড়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

আটক শাকিব মিয়া (৩০)। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল শরিফুল ইসলাম।

 

পুলিশ সূত্রে জানা যায়, শাকিবকে আটকের চেষ্টাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের কামড়ে জখম করেন। পরে শাকিবকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত দুই পুলিশ সদস্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, শাকিবকে আটকের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পুলিশ সদস্যকে কামড়ে আহত করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।