শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি পূরণে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শাহবাগে সমবেত হয়ে জনগণ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর লালবাগ এলাকায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন। হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাবের বলেন, ‘আমাদের ডেডলাইন ১৮ ডিসেম্বর। শাহবাগে আমরা জনগণকে নিয়ে সমবেত হবো। জনগণ ওই দিন সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আছে, নাকি শহীদ ওসমান হাদি হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার পক্ষে।
তিনি বলেন, ১৮ ডিসেম্বরের পর হাদি হত্যার বিচারের দাবিতে আর রাস্তায় নামতে চান না তারা। কী প্রক্রিয়ায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে, তা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সরকারের প্রতি পাঁচ বছর ক্ষমতায় থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ১৮ ডিসেম্বর শেষ হবে বলে জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অভিযোগ, কূটনীতি ও কূটনৈতিক সম্পর্কের কথা বলে কেউ কেউ হাদি হত্যার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। এ ধরনের প্রচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনও না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলে মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ‘হু ইজ হাদি’ মন্তব্যেরও প্রতিবাদ জানান জাবের। তিনি বলেন, হাদির পরিচয় ব্যাখ্যা করার প্রয়োজন তারা মনে করেন না। হত্যাকাণ্ডের প্রায় ১০ মাস পরও অসংখ্য মানুষ বিচারের দাবিতে রাজপথে রয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন। তার ভাষায়, হাদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং যাদের কথা শোনার কেউ নেই, তাদের কণ্ঠস্বর।
হাদিকে নিয়ে ভবিষ্যতে আবার কটূক্তি করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে, চারতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি লালবাগ হয়ে কারমাইকেল কলেজ প্রদক্ষিণ করে আবার লালবাগে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনটির নেতা ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এদিকে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করার কথা রয়েছে সংগঠনটির নেতা-কর্মীদের।