আবুধাবি টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা।
এর আগে আবুধাবি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানের লিডসহ আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। লিটন দাসের সেঞ্চুরি (১০২), নাজমুল হোসেন শান্তর ৮২ ও মুশফিকুর রহিম এবং মুমিনুলের অনবদ্য ব্যাটিংয়ে বড় পুঁজি পায় টাইগাররা।
রান তাড়ায় নেমে চতুর্থ দিনের শেষ সেশনে বাংলাদেশের বোলিং তোপে পড়ে আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার আবদুল মালিককে (২) লিটন দাসের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন পেসার ইবাদত হোসেন। এর মধ্য দিয়ে ইবাদত তাঁর টেস্ট ক্যারিয়ারের ৫০টি উইকেট পূর্ণ করলেন।
পেসারদের মধ্যে তাঁর চেয়ে বেশি টেস্ট উইকেট আছে কেবল মাশরাফি বিন মুর্তজা (৭৮), শাহাদাত হোসেন (৭২) ও তাসকিন আহমেদের (৫৯)।
এরপর হাসান মাহমুদের বলে শাহিদউল্লাহ (১৯) উইকেটের পেছনে লিটনের ক্যাচ দিলে ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন আফগান অধিনায়ক রহমত শাহ ও সেদিকুল্লাহ আতাল। এই দুজনে মিলে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে তোলেন।
দলীয় ১১০ রানের মাথায় অফ স্টাম্পের বাইরের বলে রহমতকে (৫১) লিটনের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন ইবাদত। এই ক্যাচের মধ্য দিয়ে লিটন দাস এক টেস্টে বাংলাদেশি উইকেটকিপার হিসেবে সর্বাধিক ৮টি ডিসমিসালের রেকর্ড গড়েন।
রহমত শাহ আউট হওয়ার পর দিন শেষে সেদিকুল্লাহ আতাল ৩৫ এবং হাশমতউল্লাহ শহিদী ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।