Image description

মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সংঘটিত ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের পর মাত্র সাত দিনের ব্যবধানে সংস্কারকাজ শেষ করে কেন্দ্রটিকে আগের স্বরূপে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে এই সেবামূলক প্রতিষ্ঠানটি রাড্ডা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, রাড্ডা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান, যা সম্প্রতি রাতের অন্ধকারে একটি বিশৃঙ্খলাকারী দলের দ্বারা ভাঙচুরের শিকার হয়েছিল। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

 

তিনি আরও জানান, গত ২৭ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সফর শেষে ঢাকায় অবতরণ করার পরপরই বিকেলে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজ চোখে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেন। ঘটনার পর দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রাড্ডাকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পরের দিন থেকেই সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম পরিচালনা করে মাত্র সাত দিনের মধ্যে একটি সুন্দর ও উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।

 

প্রতিমন্ত্রী বলেন, সেবামূলক এই প্রতিষ্ঠানের কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য প্রথম দিন থেকেই কর্তৃপক্ষকে ভেতরে বসিয়ে সেবা চালু রাখার চেষ্টা করা হয়েছে। বর্তমানে এখানে মায়েরা ও শিশুরা নিয়মিত সেবা এবং টিকা নিতে আসছেন। আজ এই সংস্কারকৃত ও আধুনিকায়ন করা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে রাড্ডা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হলো।