ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রতি সংহতি জানাতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিজেপির বিক্ষোভের সমর্থনে আগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হওয়ার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
আটক হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুলিশের ভ্যানের ভেতর থেকে একটি সেলফি প্রকাশ করেন ইমরান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখে মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
মুম্বাই পুলিশ জানিয়েছে, বিক্ষোভের জন্য তাদের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আজাদ ময়দান ছাড়া অন্য কোথাও বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানায় তারা। তবে সিজেপির কর্মীদের দাবি, অনুমতি চেয়ে তারা ইমেইল করলেও পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি।
এদিকে, শনিবার দিল্লিতে সিজেপির যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা।
সূত্র: হিন্দুস্থান টাইমস