Image description

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বামীর জানাজা ও দাফনের কিছুক্ষণ পর স্ত্রীও মারা গেছেন। উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। দুজনই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

মারা যাওয়া দম্পতি হলেন ওমর আলী (৮০) ও হরতন বেগম (৭৭)। ওমর আলী পেশায় কৃষক ছিলেন। তাদের পাঁচ ছেলে ও তিন মেয়ে আছে।

 

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ্জামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মারা যাওয়া দম্পতির স্বজন ও স্থানীরা জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওমর আলী ও হরতন বেগম। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতেই মারা যান ওমর আলী। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে শান্তিনগর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওমর আলীর দাফনকাজ শেষে স্বজনেরা বাড়ি ফেরার কিছু সময় পর ঘরে শয্যাশায়ী হরতন বেগমও মারা যান। বাদ আসর জানাজা শেষে হরতন বেগমকে স্বামীর পাশেই দাফন করা হয়।

 

ওমর আলীর ভাতিজা ও স্থানীয় স্কুলশিক্ষক শামীম মির্জা বলেন, ‘চাচা-চাচি দুজনই বার্ধক্যের কারণে অসুস্থ ছিলেন। তবে চাচি (হরতন বেগম) কথাবার্তা বলতে পারতেন। সকালে চাচাকে দাফন শেষে সবাই বাড়ি ফিরি। পরে দুপুরে দেখি, ঘরে চাচিও মারা গেছেন।’

 

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসগর আলী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আসলে স্বামীর শোকে স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা দুজনই ভালো মানুষ ছিলেন। আমরা তাদের জন্য দোয়া করি, তারা জান্নাতবাসী হোক।’