Image description

শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান ও আরামবাগের। তবে এই ম্যাচ সে মাঠে হচ্ছে না। কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠটি ৪ থেকে ১০ অক্টোবর বরাদ্দ দেওয়া হয়েছে। তাই নিজ ভেন্যুতে সে ম্যাচ খেলতে পারছে না মোহামেডান। বিকল্প হিসেবে শনিবার ম্যাচটি হবে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে।

গত মৌসুমের মতো কুমিল্লার স্টেডিয়ামটিকে লিগের হোম ভেন্যু করেছিল মোহামেডান ও আবাহনী। এ সপ্তাহে আবাহনীর খেলা নেই। তবে তারাও হোম ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লার জায়গায় তারা লিগের বাকি ম্যাচগুলো ময়মনসিংহে খেলার আবেদন করেছে।

মোহামেডানের ম্যাচের ভেন্যু ও তারিখ পরিবর্তনের ব্যাপারে পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘কুমিল্লা ভেন্যু নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। মোহামেডান সেখানে খেলতে আগ্রহী নয়। ফলে অন্য ভেন্যু খুঁজতে হচ্ছে। মোহামেডানের পছন্দের তালিকায় এগিয়ে আছে মুন্সিগঞ্জ। এ রাউন্ডের ম্যাচটা সেখানে হবে। তাদের পরবর্তী হোম ম্যাচগুলোও সেখানেই হওয়ার ব্যাপারে আলোচনা চলছে।’

আবাহনীর ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী বলেন, ‘কুমিল্লা আমাদের ও মোহামেডানের ভেন্যু ছিল। সেখানে স্থানীয় অন্য প্রতিযোগিতা রয়েছে। বাফুফে আমাদের যে বিকল্পগুলো দিয়েছে, তার মধ্যে ময়মনসিংহ পছন্দ হয়েছে। সেখানে মাঠ ভালো এবং আমাদের কোচেরও চাওয়া ময়মনসিংহ। আমরা লিগের পরবর্তী ম্যাচগুলো ময়মনসিংহে খেলতে চাই।’

ঘরোয়া লিগ নিয়ে সমস্যা কাটছেই না। নানা কারণে দেরিতে শুরু হওয়ার পর জাতীয় দলের ক্যাম্প ও খেলার অযুহাতে বেশ কিছু ক্লাব খেলতে অস্বীকৃতি জানালে বড় সময় ছেদ পড়ে। এখন ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দুই দশকেও পেশাদার ফুটবলকে সত্যিকারের পেশাদারি রূপ দিতে না পারার দায় বাফুফেরই।