Image description

খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদরের সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ৩-৪টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক প্রথমে তাকে রিকশায় এবং পরে মোটরসাইকেলে করে নগরীর কালীবাড়ি ঘাটের দিকে নিয়ে যান। প্রায় ৪০ মিনিট পর তাকে আবার রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

তবে ফিরে আসার পর কারা তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তন্ময় কুমার মণ্ডল। সাব রেজিস্ট্রার কার্যালয়ের মতো জনবহুল এলাকা থেকে এভাবে একজন কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, কালীবাড়ি এলাকায় খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র দৌরাত্ম্য রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় ৩-৪টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলেন। তাদের মধ্যে দুজন তার সঙ্গে রিকশায় ওঠেন। একজন রিকশায় উঠে তার মুখ চেপে ধরেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কিছু দূর যাওয়ার পর তন্ময় কুমার মণ্ডলকে মোটরসাইকেলে তুলে কালীবাড়ি রোডের একটি দোকানে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ কালীবাড়ি ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তাকে কার্যালয়ে ফিরে আসতে দেখা যায়। এ সময় তাকে আতঙ্কিত ও ঘর্মাক্ত অবস্থায় দেখা যায়।

পরে সাংবাদিকদের তন্ময় কুমার মণ্ডল বলেন, ‘কয়েকজন যুবক কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজ সঠিক কিনা দেখতে দিয়েছে। কাজ শেষ করে তারাই রিকশায় তুলে দিয়েছে।’

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পৌঁছাই। কিছু সময়ের মধ্যে সাব রেজিস্ট্রার ফিরে আসেন। কিছু কাগজপত্র দেখতে তাকে কয়েকজন ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল। পরে ছেড়ে দিয়েছে।’