রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী নিহতের পাঁচ বছর পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, দুই আসামির স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা করা হয়। পরে পাঁচজন মিলে ওমরের হাত-পা বেঁধে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার পর শ্বাসরোধে হত্যা করে। এরপর তার মরদেহ একটি ঘাসের ক্ষেতে ফেলে রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে।
২০২১ সালের ৪ জানুয়ারি বালিয়াকান্দির ঢোলজানী গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা আহেদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
পিবিআই জানায়, দীর্ঘ তদন্ত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর নজরুল ইসলামের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। গত ৫ অক্টোবর গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন জেলায় ছদ্মবেশে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুর পিবিআইয়ের এসপি রবিউল ইসলাম বলেন, গ্রেফতার নজরুল আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে পাঁচজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান ও আইনগত প্রক্রিয়া চলছে।