বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলন থেকে শুরু করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো; সবসময়ই মানুষের জন্য কাজ করেছেন মেহেরপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম ইসলাম (২৫)। তবে মানুষের বিপদে ছুটে যাওয়া সেই তামিমই এখন ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উন্নত চিকিৎসার জন্য চীন বা ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কিন্তু দীর্ঘদিনের চিকিৎসায় সহায়-সম্পদ হারিয়ে ঋণগ্রস্ত পরিবারটির পক্ষে সেই ব্যয় বহন করা আর সম্ভব নয়। তাই তামিমকে বাঁচাতে দেশবাসীর কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।
তামিম একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ২০২২ সালে তার বাম পায়ে ক্যানসার ধরা পড়ে। ছেলের চিকিৎসার জন্য সহায়-সম্পদ বিক্রি করে প্রায় ৮০ লাখ টাকা ব্যয় করে পরিবারটি। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তামিম। কিন্তু ২০২৬ সালে আবারো ক্যানসার শনাক্ত হয়। পরিবারের দাবি এবার ক্যানসার ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।
তামিমের বাবা কামরুল ইসলাম জানান, মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছে তার ছেলে। বন্যার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থেকেছে। ২০২২ সালে প্রথমবার ক্যানসার ধরা পড়ার পর ছেলের চিকিৎসায় প্রায় ৮০ লাখ টাকা খরচ করেছেন তারা। এখন আবারো ক্যানসার ধরা পড়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। বিদেশে চিকিৎসা করাতে পারলে তামিমের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু সেই ব্যয় বহন করার মতো সামর্থ্য তাদের আর নেই। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি।
তামিমের মা সেলিনা বেগম জানান, ছোটবেলা থেকেই মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে তার ছেলে। আজ সেই ছেলেটিই ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। আগের চিকিৎসায় পরিবারের যা কিছু ছিল, তা শেষ হয়ে গেছে। আবারো ক্যানসার ধরা পড়ায় তারা দিশাহারা। একজন মা হিসেবে তিনি ছেলেকে হারাতে চান না। তাই যার যতটুকু সামর্থ্য আছে, তামিমের চিকিৎসায় সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আকুল আবেদন জানান তিনি।
তামিমের সহযোদ্ধা হাসনাত জামান সৈকত বলেন, তামিম শুধু তাদের সহযোদ্ধা নয়, একজন মানবিক মানুষ। মানুষের বিপদে সবসময় সবার আগে এগিয়ে গেছে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও রাজপথে সক্রিয় ছিল। এখন সেই তামিমই কঠিন সময় পার করছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলেও পরিবারের পক্ষে বিপুল অর্থের ব্যবস্থা করা সম্ভব নয়। তামিমকে বাঁচাতে দেশবাসীর সহযোগিতা চান তিনি।
আরেক সহযোদ্ধা আশিক রাব্বি জানান, তামিম মানুষের জন্য সবসময় কাজ করেছে। আজ সে নিজেই ক্যানসার আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসার জন্য বিপুল অর্থ প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী তামিমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান বলেন, তামিমের অসুস্থতার খবর শুনে তিনি ব্যথিত। মানুষের বিপদে পাশে দাঁড়ানো একজন তরুণ আজ নিজেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশে অবস্থানরত সামর্থ্যবান মানুষের প্রতি তামিমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির এই নেতা বাঁচতে চান। একসময় যিনি মানুষের জন্য রাজপথে ছিলেন, আজ সেই তামিমের নিজের জীবন বাঁচাতে প্রয়োজন মানুষের সহযোগিতা।