সম্প্রতি, ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি এবং আরটিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, প্রধানমন্ত্রীর ভিন্ন বক্তব্য নিয়ে আরটিভি একটি ফটোকার্ড প্রকাশ করেছিল। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
প্রচারিত ফটোকার্ডটিতে আরটিভির লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘০৫ অক্টোবর ২০২৬’ উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে এসংক্রান্ত উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি আরটিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
তবে, গতকাল (০৫ অক্টোবর) আরটিভির ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। সেই ফটোকার্ডে থাকা প্রধানমন্ত্রীর ছবি, ব্যাকগ্রাউন্ডসহ আনুষাঙ্গিক উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডের মিল রয়েছে। আরটিভির ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডে শিরোনাম ছিল “পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী”। আর আলোচিত ফটোকার্ডটিতে ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনাম লেখা রয়েছে।
অর্থাৎ, আরটিভির মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হতো। এমনকি ভিডিও চিত্রও পাওয়া যেত। কিন্তু, অনুসন্ধানে এমন কোনো তথ্য বা ভিডিও চিত্রও পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত ফটোকার্ডটি ওপনএআই দিয়ে যাচাই করে দেখা যায়, এটি ওপেনএআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।