কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সীমা আক্তার নামে এক নারী পর্যটক। ইজিবাইকে চলাচলের সময় তার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন তিনি।
সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে যাতায়াতের একপর্যায়ে হঠাৎ সীমার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর নিহত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৈকতে আনন্দভ্রমণে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তরুণীর মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।