Image description

কোমলমতি শিশুদের জন্য যেখানে সরকারসহ সংশ্লিষ্টদের একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করার কথা, সেখানে তাদের দিন কাটছে উল্টো ভয় ও অজানা আতঙ্কে। দেশে প্রায় দিনই শিশু নিখোঁজের ঘটনা সামনে আসছে। আবার অন্তর্বর্তী সরকারের টিকাদান কর্মসূচির অব্যবস্থাপনার মাশুল দিতে হচ্ছে ছোট শিশুদের। হামের প্রাদুর্ভাবে একের পর এক মা-বাবার কোল খালি হচ্ছে। সবমিলিয়ে শিশুদের নিরাপদে রাখাটাও এখন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত আট মাসে ৩২৯ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এ সময়ে বিভিন্ন নির্যাতনে ২৫৪ শিশুর মৃত্যু হয়। এ অবস্থায় আজ পালিত হবে শিশু অধিকার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার শামীমা আরেফিন বলেন, এ বছর শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘শিশু অধিকার সপ্তাহ’ পালন করা হচ্ছে না। এবার তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শিশু অধিকার দিবস এবং শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হবে। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আজ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনব্যাপী অনুষ্ঠানে নানা কর্মসূচি ও সেমিনারের আয়োজন করা হবে।

নিখোঁজ ২ হাজারের বেশি শিশু : পুলিশের সদর দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ২ হাজার ৩৮ জনের এখনো সন্ধান মেলেনি। এই সময়ে নিখোঁজ ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয় বা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিখোঁজ শিশুদের ১৩ শতাংশের সন্ধান এখনো মেলেনি। পুলিশের তথ্যে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সি শিশু নিখোঁজের বিষয়ে ৪৭৪টি জিডি হয়েছে। এদের মধ্যে ৪০৬ জন উদ্ধার ও ৬৮ জন এখনো নিখোঁজ। আর ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজে জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়। এখনো উদ্ধার হয়নি ১ হাজার ৯৭০ জন। পুলিশের ভাষ্যে ১০ থেকে ১৭ বছর বয়সিদের নিখোঁজ হওয়ার পেছনে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবার থেকে অর্থ আদায়ের কৌশল, পারিবারিক কলহ অন্যতম কারণ।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বলেন, কোনো শিশু নিখোঁজ হলে তাৎক্ষণিকভাবে শিশুর অভিভাবক, প্রতিবেশী বা সচেতন নাগরিকরা ফোন করে আমাদের জানান। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিখোঁজ শিশু উদ্ধার করেছি। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে, রেলস্টেশন, লঞ্চে অভিভাবকদের সঙ্গে থাকা শিশুটি অসাবধানতায় হারিয়ে যায়। তখন ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে রেল পুলিশসহ সংশ্লিষ্টদের মাধ্যমে শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। 

হামে ১০২ শিশুর মৃত্যু : অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে চলতি বছর হামে শিশুর সংক্রমণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি এই রোগে গত কয়েক মাসে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত নিশ্চিতভাবে হামে ২১ হাজার ৮০৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম সন্দেহে মারা গেছে ১ হাজার ২৬ জন। আর নিশ্চিত মৃত্যু ১০২ জনের। বিশেষজ্ঞরা জানান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় এই জটিল পরিস্থিতি তৈরি হয়। এ সময় দেশের টিকাদান কর্মসূচি কার্যত ভেঙে পড়ে। 

আট মাসে ৩২৯ শিশু ধর্ষণের শিকার, নির্যাতনে মৃত্যু ২৫৪ : আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৩২৯ শিশু ধর্ষণের শিকার হয়। এদের মধ্যে ৫২টি ছেলে শিশু আর কন্যা শিশু ২৭৭ জন। ধর্ষণ, যৌন সহিংসতা, গৃহকর্মী নির্যাতন, আত্মহত্যাসহ বিভিন্ন কারণে মোট ২৫৪ শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে  ৫৩ শিশুকে শিক্ষক নির্যাতন করে। ৩৮ শিশু যৌন হয়রানির শিকার হয়। শারীরিক সহিংসতার শিকার ৩৫ শিশু। ২৪ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছোট শিশুরা কোথাও নির্যাতিত হলে তারা অভিভাবকদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। এজন্য যখন কোনো শিশু বিকৃত যৌন নির্যাতনের শিকার হয় তখন তারা ঘটনাটি বলে দিতে পারে এই আশঙ্কায় অপরাধীরা তাদের মেরে ফেলে। কারণ বেশির ভাগ ক্ষেত্রে পরিচিত ব্যক্তিরা শিশুদের ওপর বিকৃত যৌন নির্যাতন চালায়। শিশুরা এখন ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। শিশুপর্নো দেখে সমাজে বিকৃত রুচি তৈরি হয়েছে। যার শিকার হচ্ছে অবলা শিশুরা।