কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাঁধা দিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিরাপত্তার কারণে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।
এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বলেন, রোববার কুষ্টিয়া লালন সাঁইয়ের আখড়া বাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে কুমারখালী থানায় মামলা করতে গেলে পুলিশ সহযোগিতা করেনি।
এনসিপির জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। নিরাপত্তার কারণে আমাদের বাইরে বের হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তাঁরা। ঘরে বসে কি বিক্ষোভ সমাবেশ হয়?’
এনসিপির নেতাকর্মীরা প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেন। পরে তাঁদের একজন দুইজন করে পাবলিক লাইব্রেরির মাঠের ভেতর থেকে বাইরে বের করার অনুমতি দেয় পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, নিরাপত্তার কারণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি। মাঠের ভিতরেই তাদের সমাবেশ করতে বলা হয়েছে।