বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীপু মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রবিবার বিকালে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোড়ামাড়া গ্রামে প্রবাসী সুজন শেখের স্ত্রী মিম আক্তারের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি কক্ষের বক্সখাটের নিচ থেকে এসআই দীপু মণ্ডলকে আটক করেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এসআই দীপু মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে ওই এলাকায় তার যাতায়াত তুলনামূলক বেশি ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসআই দীপু মণ্ডল প্রায়ই নানা অজুহাতে প্রবাসী সুজন শেখের বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় কেউ তাকে কিছু বলার সুযোগ পাননি।
ঘটনার দিন প্রবাসী সুজন শেখের বাবা নুরইসলাম শেখ ও তার স্ত্রী জরুরি কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় সুজন শেখের স্ত্রী মিম আক্তার ফোন করে এসআই দীপু মণ্ডলকে বাড়িতে ডেকে আনেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, এসআই দীপু মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।