Image description

রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা পায়নি পুলিশ। তবে তদন্তে রাজনৈতিক দলের নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

ইতোমধ্যে এই মামলার ১৩ আসামির ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, আলাদা আলাদা ব্যক্তির স্বার্থে একত্রিত হয়ে হামলার ঘটনা ঘটিয়েছেন আসামিরা। শাহরিয়ার মাহমুদ পুরো হামলার বিষয়টি দেখভাল করেছেন। তার সঙ্গে ছিলেন ডিবির হাতে আটক মিজানুর রহমান। এদের কোন রাজনৈতিক পদ-পদবী নেই।

তবে মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা। রাজধানীর মাটিকাটা এলাকার নিজ বাসা থেকে খোদ এমপির উপস্থিতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা সুব্রত দেবনাথ স্ট্রিমকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনাটি পরিকল্পিত। তবে এই হামলার নেপথ্যে কোন রাজনৈতিক দলের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গ্রেপ্তারদের কয়েকজন সেখানে তাদের জমি আছে বলে দাবি করেছেন। মিজানুর রহমানও তার জমি আছে বলে দাবি করেন। শাহরিয়ার মাহমুদ এই হামলায় ভাড়াটে সন্ত্রাসীদের কাজে লাগিয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে হামলার উদ্দেশ্য ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার আদালতে এই আবেদনের ওপর শুনানী হওয়ার কথা রয়েছে।