Image description

ফরিদপুরের মধুখালীতে মাদক সেবনের অভিযোগে ছোট ভাইকে প্রকাশ্যে মারধর করে গ্রাম ছাড়তে বলেছেন তার বড় ভাই নুর ইসলাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামালদিয়া ইউনিয়নের দত্তর কাপাসাপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই গ্রামের জালাল শেখের ছেলে জসিম শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন করছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি গ্রামের একটি চুরির ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া যায়। সোমবার রাতে মাদক সেবনের সময় জসিমকে স্থানীয় কয়েকজন ধরে ফেলেন। পরে বিষয়টি জানতে পেরে তার বড় ভাই নুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ছোট ভাইকে মারধর করেন এবং তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন।

 

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে জসিম শেখের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার মামা সরোয়ার মোল্ল্যা জানান, সোমবার রাতে মাদক সেবনের সময় জসিমকে স্থানীয় কয়েকজন যুবক হাতেনাতে ধরে ফেলে। এরপর বিষয়টি জানতে পেরে তার বড় ভাই নুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে তাকে মারধর করেন এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

 

কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি সোমবার রাতে তার পাশের এলাকায় ঘটেছে। গভীর রাত হওয়ায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। পরে বিষয়টি জানতে পারেন। স্থানীয় মুরব্বিরা বসে বিষয়টির সমাধান করেছেন বলেও জানান তিনি।

 

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, এমন কোনো ঘটনা তার নজরে আসেনি। এর আগে একটি ঘটনা ঘটেছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন।

 

স্থানীয়রা জানান, মাদক নিয়ন্ত্রণে শুধু পারিবারিক শাসন বা সামাজিকভাবে কাউকে গ্রামছাড়া করাই দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাদের মতে, মাদকের উৎস, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগও জরুরি।