Image description

যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক বাংলাদেশি বাবা। স্থানীয় সময় রবিবার বিকেলে ওয়ারেন শহরের টেন মাইল এলাকার অরনারে নিজ বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিমের বয়স ৬৩ বছর। তিনি তার ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। বাসার ড্রাইভওয়ে থেকে গাড়ি সামনে নেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে মেয়ে রিভার্স গিয়ারে চাপ দেন। এ সময় গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা আব্দুর রহিমের ওপর গাড়ি উঠে যায়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ৯১১-এ ফোন করেন। খবর পেয়ে ওয়ারেন ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গাড়ির নিচ থেকে আব্দুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন বলে স্বজনেরা জানিয়েছেন। পরে স্বজনদের সতর্কতায় তা ঠেকানো সম্ভব হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তার নাম প্রকাশ করা হয়নি।

আব্দুর রহিম ২০১৯ সালে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এর আগে তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার বাবা ছিলেন। তার একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন।

মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।