Image description

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউসার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে রোববার রাত থেকে উক্ত ঘুষ লেনদেনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি এই প্রতিবেদকের হাতে এসেছে।

এরমধ্যে ভিডিও’র কিছু অংশে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কি কয়! একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নেই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কতো কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো। ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। ভিডিওতে তিনি ওইসব ব্যক্তির উদ্দেশ্যে বলেন, এখানে কতো? ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫।

ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার। এদিকে ভিডিওটি ঠিক কতোদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। লক্ষ্মীপুর ফোর লেনের খুঁটি অপসারণ ও প্রতিস্থাপনের ব্যয় হিসেবে ৩১ কোটি টাকা সড়ক ও জনপথ বিভাগ পিডিবি’র অনুকূলে জমা দেয়া হয়েছে। খুঁটি অপসারণ ও প্রতিস্থাপন করতে হলে সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়ক থেকে খুঁটি সরানোর কথা থাকলেও তা মানছে না পিডিবি কর্তৃপক্ষ। চৌমুহনী টু লক্ষ্মীপুর চার লেন উন্নয়নের কাজে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন ও ঠিকাদার সবুজের বিরুদ্ধে।

সরকার কর্তৃক গ্রাহককে বিনামূল্যে মিটার দেয়ার নিয়ম থাকলেও গ্রাহকের নিকট ২ হাজার করে বিক্রয় করা এবং সিবিএ ফান্ডে ১৫০০ টাকা নেয়া। ১০ (দশ) কিলোওয়াট লোডের ক্ষেত্রে ১-১.৫০ লাখ টাকা নেয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ৩রা জুলাই লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প মালিক ও বিদ্যুৎ গ্রাহকরা এ কর্মসূচির আয়োজন করে। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, চাহিদা মতো ঘুষ না দিলে তাদের কোনো কাজ হয় না। তাই দুর্নীতিবাজ কর্মকর্তা নুরুল আমিনের বিচারের দাবি করছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুলের দাপ্তরিক মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।