রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবের ভাইরাল হওয়া অডিওর সঙ্গে কন্ঠস্বর পরীক্ষার জন্য আরও তিন দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ বিষয়ে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে শুনানি হবে।
এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়েছে, আসামি জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
রাকিবুল হাসান রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে প্রচারিত ওই অডিওতে একজন ব্যক্তিকে পুলিশের সক্ষমতা, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান এবং মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমাতচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়।
অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা সে অবস্থানে নেই। পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে ঘুস লেনদেনের অভিযোগ নিয়েও কথোপকথনে আলোচনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি সংবাদমাধ্যমেও আসে এবং এর মধ্যেই ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।