Image description

জার্মানির বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর একটি ড্রোন দেখা যাওয়ার পর বুধবার প্রায় ৪৫ মিনিটের জন্য বিমানবন্দরটির দুটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বেশ কয়েকটি উড়োজাহাজকে অন্য শহরের বিমানবন্দরে অবতরণ করতে হয়। খবর আনাদোলুর।

বিমানবন্দরের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘রাত ৮টার দিকে (গ্রিনিচ মান সময় ৬টা) বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর একটি ড্রোন দেখা যায়। রাত ৮টা ২০ মিনিটে বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।’

মুখপাত্র জানান, রাত ৯টা ৫ মিনিটে বিমানবন্দরের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। এরপর উড়োজাহাজ চলাচল শুরু হলেও বেশ কিছু ফ্লাইটে বিলম্ব হয়।

জার্মানির ফেডারেল পুলিশের এক মুখপাত্র জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে জানান, বিমানবন্দরে একাধিক প্রত্যক্ষদর্শী ড্রোন দেখার কথা জানিয়েছেন। অন্তত পাঁচটি ফ্লাইটকে ড্রেসডেন ও লাইপজিগে ঘুরিয়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে দেখা বস্তুটি শখের ড্রোন ছিল, ইচ্ছাকৃতভাবে বিমানবন্দরের আকাশসীমায় প্রবেশ করানো হয়েছিল, নাকি অন্য কোনো বস্তু ছিল—তা এখনো স্পষ্ট নয়।

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিএফএস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার থেকে ২৮টি ড্রোন দেখা যাওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২৫ সালে এমন ঘটনা ঘটেছিল আটটি। চলতি বছরের সাতটি ঘটনায় ড্রোনের কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।

এ ছাড়া জার্মানির বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপরও সন্দেহজনক ড্রোন বারবার দেখা গেছে।