পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার আয়োজন দেখে ক্ষুব্ধ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠানোর নির্দেশ দেন এবং এ ধরনের আয়োজন না করার পরামর্শ দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানাতে বিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় ফুলের থালা।
বিদ্যালয়ে প্রবেশের সময় এ আয়োজন দেখে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ না করে বাইরে অবস্থান করেন। পরে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠানোর ব্যবস্থা করেন। এসময় তাদের বলতে শোনা যায়, প্রতিমন্ত্রী এ ধরনের আয়োজন পছন্দ করেননি এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না যাওয়া পর্যন্ত তিনি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবেন না।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে গেলে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিতা রানী বলের সঙ্গে কথা বলেন। এসময় তিনি ফুল দিয়ে বরণসহ এ ধরনের আয়োজন না করার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘এটা কোন ধরনের কালচার? ফুল দিয়ে বরণ— এসব করবেন না। শিক্ষার্থীরা আমার জন্য দাঁড়িয়ে থেকে কেন কষ্ট করবে? এ ধরনের আয়োজন সরকারও পছন্দ করে না।’
এরপর প্রতিমন্ত্রী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবন উদ্বোধন করেন। পরে একই দিনে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন পাঁচতলা ভবনেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পিরোজপুর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামসহ রাজনৈতিক নেতারা।