Image description

জাতিসংঘের কঠোর সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়েও কথা বলেন মিলে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ‘লাস মালভিনাস’ নামে অভিহিত করে এবং এর সার্বভৌমত্ব দাবি করে।

বিজ্ঞাপন

মিলে বলেন, ‘সি লায়ন প্রজেক্ট’-এর আওতায় উত্তর মালভিনাস অববাহিকায় আর্জেন্টিনার মহীসোপানে তেল উত্তোলনের কাজ এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ লাইসেন্সের আওতায় পরিচালিত এই কার্যক্রমকে আর্জেন্টিনা অবৈধ ও অবৈধভাবে অনুমোদিত বলে মনে করে।

তিনি দাবি করেন, আর্জেন্টিনার অনুমোদন ছাড়া সেখানে যেকোনো ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এবং আর্জেন্টিনার নিজস্ব আইনের অধীনে বেআইনি।

বিজ্ঞাপন

মিলে বলেন, এ বিষয়ে আর্জেন্টিনা শান্তিপূর্ণ, বাস্তবসম্মত ও কার্যকর উপায়ে নিজেদের স্বার্থ রক্ষার পথ বেছে নিয়েছে।

এ ছাড়া দ্বীপগুলোর বাসিন্দাদের বিষয়ে আর্জেন্টিনার অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। মিলে বলেন, দ্বীপগুলোর ক্ষেত্রে জনগণের আত্মনিয়ন্ত্রণের নীতি প্রযোজ্য নয়। তার দাবি, বিতর্কিত সার্বভৌমত্বের একটি ভূখণ্ডে দখলদার শক্তির মাধ্যমে ওই জনগোষ্ঠীকে বসতি স্থাপন করানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা