Image description

‘ভারত যদি বন্ধু হও, হাসিনারে ফেরত দাও’, ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন ভারতে’—এমন নানা স্লোগানে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বুধবার সকালে নগরীর সেন্ট্রাল রোডের গোয়েন্দা কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল নেতা আকিবুর রহমান মুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, জীবন বীমা মোড় হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

এ সময় যুবদলের নেতাকর্মীরা ‘ভারত যদি বন্ধু হও, হাসিনারে ফেরত দাও’, ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন ভারতে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’, ‘যুবলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন। শেখ হাসিনাবিরোধী এসব স্লোগানে রংপুরের রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

 

পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যুবদল নেতা আকিবুর রহমান মুন বলেন, “যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকবে রংপুর জেলা যুবদল।”

 

তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দেবে যুবদল। সেই জীবন দেওয়ায় রংপুরে প্রথম ব্যক্তি হবো আমি। তবুও নিষিদ্ধ দলের কোনো অপতৎপরতা রংপুরে মেনে নেবো না।”

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।