Image description

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেনের বিদায়ে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। কেউ নিয়ে এসেছেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি। ব্যতিক্রমী এই বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

বুধবার বেলা ১২টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে। এ সময় আশপাশের কয়েক গ্রামের মানুষ জড়ো হন। তারা অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

হরিরামপুর থানা সূত্রে জানা যায়, বদলির আদেশ পাওয়ার পর হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক, ইভটিজিং ও মামলা জটিলতা নিরসনে ভূমিকা রেখেছেন ওসি আফজাল হোসেন। গত ২০২৫ সালের ৮ ডিসেম্বর হরিরামপুর থানায় যোগদানের পর নয় মাসের বেশি সময় দায়িত্ব পালন শেষে কর্মস্থল পরিবর্তনের কারণে বিদায় নেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয়রা বিদায়ী ওসিকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার সঙ্গে ছবি তোলেন অনেকে। কেউ কুশল বিনিময় করেন, আবার কেউ দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। সব মিলিয়ে অনুষ্ঠানজুড়ে ছিল আবেগের পরিবেশ।

স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, ‘আমি কয়েক মাস আগে একটা সমস্যায় পড়েছিলাম। স্যার আমার সমস্যাটার সমাধান খুব আন্তরিকতার সঙ্গে করে দিয়েছেন। উনি অনেক ভালো মানুষ।’

স্থানীয় আবেদ হাসান বলেন, ‘ওসি আফজাল হোসেন দায়িত্ব পালনকালে সকালে হাঁটতে বের হওয়ার সময় বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন। এলাকার পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। হরিরামপুরের অন্যতম ভালো একজন ওসি ছিলেন তিনি। ’

হরিরামপুর পদ্মা নদী পাড়ের বাসিন্দা সালেহা বেগম দুইটি দেশি মুরগি নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে। তিনি বলেন, ‘আমগো চরে ডাকাতি চুরি নিয়ন্ত্রণে তার কাজ আমগো মনে থাকব। তাই ট্রলারে নদী পার অইয়া আইছি।’

বিদায়ের সময় স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি আফজাল হোসেন। তিনি বলেন, ‘হরিরামপুরবাসীর এমন আয়োজনে আমি আবেগী হয়ে গেছি।

চাকরি করলে বদলি হবেই। হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, আমি কখনো ভুলবো না।’