প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে। কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ আছে সেটি চিহ্নিত করে লোক পাঠানোর জন্য আমরা প্রস্তুত।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।
দালালদের দৌরাত্ম কমানো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে যেতে কিছু মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। আমলাতান্ত্রিক জটিলতা সহজ করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। দালালদের দৌরাত্ম বন্ধ করতে বিএসইটির কার্যক্রম আনলাইন করা হচ্ছে
এজেন্সিগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া বিকেলে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোব যোগ দেন।