Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট সদস্য মনোনয়নের দাবিতে সম্প্রতি প্রকাশিত একটি বিবৃতির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। 

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা জানান। ‎বিবৃতিতে অধ্যাপক নাহরিন ইসলাম খান বলেন, ‘সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সিন্ডিকেট সদস্য মনোনয়ন দাবিতে এক বিবৃতির বরাতে আমার নাম জড়িয়ে যে খবর পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’

‎তিনি বলেন, ‘ওই বিবৃতির সঙ্গে তার ব্যক্তিগত কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। এর আগে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও উল্লেখ করেন।’

‎অধ্যাপক নাহরিন আরও বলেন, ‘ওই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন, তাদের কারও সঙ্গে এ বিষয়ে তার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ বা কথা হয়নি।’

‎এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এমন দাবি করে প্রকাশিত সংবাদও ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন তিনি।

‎বিবৃতিতে তিনি তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদকর্মীদের অসংগতিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান।