Image description

আগের সপ্তাহেও আফগানিস্তানের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং রেকর্ডও বেশ উন্নত। তবে জাপানের বিপক্ষে ভারতের অবিস্মরণীয় একটি ম্যাচে তিনি বিব্রতকর রেকর্ড গড়েছেন। ম্যাচটিতে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন অভিষেক।

টি-টোয়েন্টি ফরম্যাটে এক পঞ্জিকা বর্ষে (২০২৬) সর্বোচ্চ ১০ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিজের দখলে নিলেন ২৬ বছর বয়সী এই ওপেনার। জাপানের বিপক্ষে ৫ ওভারের সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ম্যাচে নিজের প্রথম বলেই চারলি হারা-হিঞ্জের বলে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়েছেন অভিষেক। টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে তার সমান কিংবা বেশি ডাক খাওয়ার রেকর্ড আর কারও নেই।

এতদিন তিন ক্রিকেটারের বছরে সর্বোচ্চ ডাক পাওয়ার রেকর্ড ছিল। রশিদ খান (২০১৯) এবং শাদাব খানের (২০২৪) সঙ্গে ৯ ডাক নিয়ে সেটি ভাগাভাগি করছিলেন অভিষেক। গতকাল জাপান ম্যাচে তিনি বাকিদেরও ছাড়িয়ে গেলেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসাবে আরও তিনজনকে সঙ্গী হিসেবে পাচ্ছেন অভিষেক। তার সমান ৭টি করে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন রুয়ান্ডার জ্যাপি বিমেনিমানা (২০২৩) ও অর্চিডে টুইসেঙ্গে (২০২৩) এবং পাকিস্তানের সাইম আইয়ুব (২০২৫)।

 
 

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ম্যাচটিতে অবিশ্বাস্য এক সুযোগ হারায় জাপান। কার্যত গুরুত্বহীন এক ম্যাচে অল্পের জন্য ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটা হতে গিয়েও শেষ পর্যন্ত হলো না। স্রেফ ২ রান দূরত্বে গিয়ে থামতে হলো জাপানকে। সানোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান করে ভারত। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩০ রানের বেশি করতে পারেনি জাপান।

 
 

ম্যাচটিতে ভারতের তিন টপ অর্ডার মিলে ১২ রান করেন, যা সহযোগী দেশের বিপক্ষে খেলা ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে তাদের সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন ২১ রান ছিল ‍যুক্তরাষ্ট্রের বিপক্ষে (২০২৬)। এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এর আগে জাপানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য হোঁচট খাওয়ার মতোই!