বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকের পর এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থায় বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংক সহযোগিতা করতে আগ্রহী। সরবরাহ সংকটের কারণে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্ব ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং আগামী দিনের বিভিন্ন প্রকল্পে সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেওয়া প্রাতরাশে অংশ নেওয়ার পাশাপাশি মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী।
শীর্ষনিউজ